মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ , রাত ১১:৫৮
ব্রেকিং নিউজ

দফায় দফায় বৈঠকেও মিলছেনা সুরাহা,খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি চলবে

রিপোর্টার :
প্রকাশ : শনিবার , ৪ মার্চ ২০২৩ , সকাল ১০:৪২

মোঃ মাসুম বিল্লাহ ইমরান,খুলনাঃ

চিকিৎসক নিশাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বিএমএ নেতারা।

গতকাল শুক্রবার (৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দলের সাথে সঙ্গে বৈঠক শেষে খুলনা জেলা শাখার সভাপতি ডা. শেখ বাহারুল আলম এ ঘোষণা দেন।

খুলনায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ডা. শেখ নিশাত আব্দুল্লাহর ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে গত ১ মার্চ থেকে কর্মবিরতিতে রয়েছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার সকাল ১০টায় খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী বিএমএ নেতাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি রোগীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদেরকে কর্মবিরতি প্রত্যাহারের নির্দেশনা দেন। এ ছাড়া বিএমএ’র কেন্দ্রীয় সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন খুলনা বিএমএ নেতাদেরকে ফোন করে একই নির্দেশনা দেন।

এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২ মার্চ) বেলা ১১টায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল চত্বরে যে বিক্ষোভ সমাবেশ করার কর্মসূচি ছিল তা বাতিল করা হয়। বেলা ১১টায় খুলনা বিএমএ কার্যালয়ে জরুরি সভা করেন চিকিৎসকরা। তবে ঊর্ধ্বতনদের কর্মবিরতি প্রত্যাহারে নির্দেশ থাকলেও প্রায় ৪ ঘণ্টার সভায় কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।

জরুরি সভা শেষে খুলনার বিএমএ সভাপতি ডা. শেখ বাহারুল আলম বলেন, খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ডা. নিশাত আব্দুল্লাহর ওপর হামলাকারী পুলিশের এএসআই নাঈমকে গ্রেপ্তার এবং দুই চিকিৎসকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত থাকবে।

শনিবার (৪ মার্চ) দুপুর ১২টায় আবু নাসের হাসপাতাল চত্বরে বিক্ষোভ সমাবেশেরও ডাক দেওয়া হয়। এ ছাড়া ওই দিন সন্ধ্যা ৭টায় বিএমএ কার্যালয়ে সংগঠনের জরুরি সাধারণ সভা করা হবে। ওই সভায় সবার মতামতের ভিত্তিতে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।