কাজী ওমর ফারুক,মোংলাঃ
সরকারের নির্দেশনা অনুযায়ী দুই মাসের জন্য জাটকা নিধন অভিযান ও ইলিশের অভয়াশ্রম সংরক্ষণে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের নিয়ে জনসচেতনতামূলক বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম শুরু করেছে কোস্টগার্ড।বুধবারক্ষ দুপুরে এতথ্য জানান কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান,বিএন।
দেশের উপকূলীয় ৫ জেলার অভয়াশ্রম গুলোতে ১ মার্চ থেকে শুরু হয়েছে কোস্টগার্ড বাহিনীর নিয়মিত টহল ও প্রচারাভিযান। এ অভিযান পরিচালনায় স্থানীয় প্রশাসনকে সব ধরনের সহায়তা করবে কোস্টগার্ড বাহিনীর কন্টিনজেন্ট।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ মৎস্য সম্পদ সংরক্ষণের নিমিত্তে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে আসছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জাটকা নিধন প্রতিরোধে ১ মার্চ থেকে ৩১ এপ্রিল পর্যন্ত দুইমাস ব্যাপী অভয়াশ্রম এলাকায় জাটকা রক্ষার কার্যক্রম- ২০২৩ পরিচালিত হচ্ছে।
অভয়াশ্রম রক্ষার কার্যক্রম চলাকালীন মৎস্য আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং কেনা বেচা নিষিদ্ধ থাকবে।
এ উপলক্ষ্যে অভয়াশ্রম সংরক্ষণ অভিযান পরিচালনায় তৎপর ভূমিকা পালন করছে কোস্টগার্ড। জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানাভাবে প্রচারণা চালিয়ে সচেতন করছে কোস্টগার্ড সদস্যরা।
এরই ধারাবাহিকতায় বুধবার থেকে অভয়াশ্রম সংরক্ষণ অভিযানের প্রথম দিনে কোস্টগার্ড চাঁদপুরের মেঘনা নদীতে এবং ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে টহল কার্যক্রম পরিচালনা করছে। মাছ ধরা ট্রলার যাতে জেলেপল্লী থেকে বের হতে না পারে সে দিকে সার্বক্ষনিক নজরদারি রাখছে কোস্টগার্ড।
তিনি আরও বলেন, এছাড়াও কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন, মা ইলিশ রক্ষাসহ উপকূলীয় ও নদী এলাকার মৎস্য অভায়শ্রম গুলোতে মা মাছ রক্ষায় কোস্টগার্ডের টহল ২৪ ঘন্টা অব্যাহত আছে এবং থাকবে।